পূজার ছুটির পর বন্দর সচল
সার্ভার জটিলতা কাটিয়ে ৮ দিন পর বেনাপোলে পুরোদমে আমদানি-রপ্তানি
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আট দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দরে পুরোদমে শুরু হয়েছে আমদানি-রপ্তানি। ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।
শনিবার (২৪ অক্টোবর) সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও সার্ভার জটিলতায় তা ব্যাহত হয়। বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা রোমেন মিত্র জানান, পরে ম্যানুয়াল পদ্ধতিতে কিছু পচনশীল পণ্য খালাস করা হয়। ওই দিন ভারত থেকে ৬২ ট্রাক পণ্য আমদানি ও ৩৬ ট্রাক রপ্তানি হয়।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে সার্ভার সচল হলে পুরোদমে বাণিজ্য শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত ৭৬ ট্রাক পণ্য আমদানি ও ৪১ ট্রাক রপ্তানি হয়েছে বলে জানান বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) মো. রুহুল আমিন।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, টানা ছুটিতে সীমান্তের দুই পাশে পণ্যজট তৈরি হয়েছিল। প্রায় দুই হাজার হ্যান্ডলিং শ্রমিক কাজে যোগ দেওয়ায় জট কমতে শুরু করেছে।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর