খুলনা-সাতক্ষীরা মহাসড়ক
ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত অন্তত ৪০
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া অংশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন। স্থানীয় একটি সূত্রে মৃতের সংখ্যা ছয় বলা হলেও পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে আঠারোমাইল ডাঙ্গিরপার এলাকায় খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ট্রাকচালকসহ তিনজনের মৃত্যু হয় এবং বাসের ৪০ জনের বেশি যাত্রী আহত হন।
মোটরসাইকেলে বাসের ধাক্কা
এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে আঠারোমাইল বাসস্ট্যান্ডে সাতক্ষীরাগামী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তথ্যসূত্র: গ্রামের কাগজ, দৈনিক যশোর