ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনা
পূজার প্রতিমা দেখতে বেরিয়ে প্রাণ গেল দুই ভাইবোনের
যশোরের ঝিকরগাছায় মা-বাবার সঙ্গে দুর্গাপূজার প্রতিমা দেখতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই ভাইবোন। যাত্রীবাহী একটি ভ্যানের সঙ্গে গরু বহনকারী নসিমনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল রোডে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলো উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। দুর্ঘটনায় নসিমনের চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক সাধন কুমার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপ ঘুরতে বের হয়েছিলেন। পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। উৎসবের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে পুরো গ্রামে।
ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর