ভূমিকম্প
তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, ধসে পড়েছে তিন শতাধিক বাড়ি
চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩২ জন, যাঁদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাতে এ ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিব্বতের উত্তরাঞ্চলীয় নাগচু শহর থেকে প্রায় ১৯১ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠের প্রায় ১৮ কিলোমিটার গভীরে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, তিন শতাধিক বাড়িঘর ধসে পড়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। দুর্গত এলাকায় নিরাপত্তার জন্য সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে এবং দ্বিতীয় সর্বোচ্চ স্তরের জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
তথ্যসূত্র: গ্রামের কাগজ