রাষ্ট্রায়ত্ত ব্যাংক
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল
রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) নিয়োগের নীতিমালায় পরিবর্তন এনেছে সরকার। নতুন নীতিমালায় ‘বিশেষ ক্ষেত্রে’ অভিজ্ঞতার একটি শর্ত শিথিল করার সুযোগ রাখা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ১৯ অক্টোবর এ নীতিমালা জারি করেছে। এটি সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বিডিবিএল ও বেসিক ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য।
কী বদলাল
আগের নিয়মে এমডি পদপ্রার্থীর ব্যাংকিং খাতে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা এবং এমডির ঠিক নিচের পদে দুই বছর কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে দুটি শর্তই বহাল থাকছে। তবে বিশেষ দক্ষতা, পেশাগত যোগ্যতা, নেতৃত্বগুণ ও সুনাম থাকলে দুই বছরের শর্তটি মওকুফ করা যাবে।
বয়সসীমা ৪৫ থেকে ৬৫ বছর এবং তিন বছরের চুক্তির মেয়াদ আগের মতোই থাকছে। পদোন্নতির ক্ষেত্রে শুধু জ্যেষ্ঠতা নয়, কর্মদক্ষতা ও নেতৃত্বকেও গুরুত্ব দেওয়া হবে।
সম্প্রতি সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের চুক্তিভিত্তিক এমডিদের মেয়াদ বাতিলের পর এ পরিবর্তন আনা হলো। এর সময় নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিডির গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার