পুষ্টি
প্রতিদিন এক মুঠো বাদাম: হৃদ্যন্ত্র থেকে হজম, যত উপকার
প্রতিবছর ২২ অক্টোবর পালিত হয় জাতীয় বাদাম দিবস। ছোট আকারের এই খাবারে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, খাদ্যআঁশ, ভিটামিন ও খনিজ। পুষ্টিবিদেরা বলছেন, পরিমিত পরিমাণে বাদাম খাওয়া শরীরের জন্য বেশ উপকারী।
কেন খাবেন
- হৃদ্যন্ত্রের যত্ন: বাদামের অসম্পৃক্ত চর্বি এবং আখরোটের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।
- প্রোটিনের উৎস: উদ্ভিজ্জ প্রোটিনের ভালো উৎস, নিরামিষভোজীদের জন্য বিশেষ উপযোগী।
- হজমে সহায়ক: খাদ্যআঁশ কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে।
- ক্ষুধা নিয়ন্ত্রণ: দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।
কতটুকু, কীভাবে
প্রাপ্তবয়স্কদের জন্য দিনে এক মুঠো, অর্থাৎ ২৮ থেকে ৩০ গ্রাম বাদাম যথেষ্ট বলে মনে করা হয়। লবণ ও চিনি ছাড়া বাদাম বেছে নেওয়াই ভালো। বাদামে ক্যালরি বেশি, তাই অতিরিক্ত খাওয়া ঠিক নয়।
বাদামে অ্যালার্জি থাকলে এড়িয়ে চলুন। খাওয়ার পর চুলকানি, ঠোঁট ফুলে যাওয়া বা শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের কাছে যান। বিশেষ স্বাস্থ্য সমস্যা থাকলে খাদ্যতালিকায় যোগ করার আগে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিন।
তথ্যসূত্র: গ্রামের কাগজ