প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ
টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘারপাড়ার আজমেহেরপুরের ফুটবলকন্যারা
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে টানা তৃতীয়বারের মতো বাঘারপাড়া উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মঙ্গলবার (৫ মে) উপজেলার পাইকপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারায় আজমেহেরপুরের খুদে ফুটবলাররা।
একই মাঠে বালক বিভাগের ফাইনালে বরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সিলুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলার ১০টি ভেন্যুতে আয়োজিত এবারের টুর্নামেন্টে মোট ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুশফিকুর রহমানসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টানা সাফল্যের স্বীকৃতি হিসেবে আজমেহেরপুরের ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন এলাকার শিল্পপতি ওয়ালিদ বিশ্বাস।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর