এইচএসসি ফল
২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের খবর গুজব: আন্তঃশিক্ষা বোর্ড
২৯ অক্টোবর সকাল ১০টায় এইচএসসি ২০২৬ পরীক্ষার ফল প্রকাশের যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো শিক্ষা বোর্ড ফল প্রকাশের তারিখ নিয়ে এমন কোনো ঘোষণা দেয়নি। ফল ও পরীক্ষাসংক্রান্ত সব সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ও যাচাই করা ফেসবুক পেজে জানানো হবে।
বোর্ড সূত্রে জানা গেছে, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে চূড়ান্ত তারিখ এখনো ঠিক হয়নি। যশোর শিক্ষা বোর্ডসহ সব বোর্ডের শিক্ষার্থী ও অভিভাবকদের শুধু সরকারি সূত্রের তথ্যে আস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: গ্রামের কাগজ