ইলিশ রক্ষা অভিযান
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চাঁদপুরে ২০ জেলের কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রমে ইলিশ ধরার দায়ে চাঁদপুরে ২০ জেলেকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে ১৩ জনকে ১০ দিন এবং ৭ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলা টাস্কফোর্সের অভিযানে তাঁদের আটক করা হয়। দণ্ডিত জেলেদের বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে।
অভিযানে ৩০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও তিনটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। জব্দ করা ইলিশ এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে, জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং নৌকাগুলো কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে।
তথ্যসূত্র: গ্রামের কাগজ