সংবাদ সম্মেলন
বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে অপপ্রচারের অভিযোগ, চৌগাছায় সংবাদ সম্মেলন
যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী বেড়গোবিন্দপুর বাওড়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাওড়ের মৎস্য সমবায় সমিতি। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব চৌগাছায় এ সংবাদ সম্মেলন হয়।
সমিতির পক্ষে লিখিত বক্তব্য পড়েন পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী বাওড় নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং উপজেলা বিএনপির নেতাদের সম্মানহানির চেষ্টা করছে। বাওড়পাড়ের কিছু জেলেকে হুমকি দেওয়া হচ্ছে, ফলে তাঁরা মাছ ধরতে নামতে পারছেন না বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে বলা হয়, তা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত গোষ্ঠীর নাম প্রকাশ করা হয়নি। এ বিষয়ে অপর পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: গ্রামের কাগজ